কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন ও মাদকসেবনে সহায়তার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের সরকারি দায়িত্ব পালনে বাধা, মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পুলিশ সদস্যদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার জাহাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জাহাপুর ইউনিয়নের গাংগাটিয়া গ্রামের হাজী মো. কবির সওদাগরের ছেলে আব্দুল্লাহ আল মাসুম, একই গ্রামের মজিদ সরকারের মেয়ে মীম আক্তার এবং ছয়ফুল্লাকান্দি গ্রামের মৃত আব্দুল গফুর মাস্টারের ছেলে সাইফুল আলীম।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মহিন উদ্দিনের নেতৃত্বে এসআই রাজু বড়ুয়া, এএসআই মহসিন আলম, এএসআই নুর মোহাম্মদ, এএসআই কুসুম বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ এলাকার কবির মিয়ার (সাইফুলেন্নেছা) মার্কেটের মাসুমের এনজিও অফিসে অভিযান চালিয়ে মাদক সেবন ও সহায়তার অভিযোগে আব্দুল্লাহ আল মাসুম (৩০) তার স্ত্রী মীম আক্তার (২৪) এবং সাইফুল আলীম (৫৫)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের জানায়, আসামিদের গ্রেপ্তারের সময় তাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি পুলিশের সরকারি দায়িত্ব পালনে বাধা দেন এবং মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করে সাধারণ জখম ও ভয়ভীতি প্রদর্শন করেন।
এ ঘটনায় মুরাদনগর থানায় পৃথকভাবে একটি মাদক মামলা ও একটি পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, আব্দুল্লাহ আল মাসুমের বিরুদ্ধে আগে থেকেই ৬টি মামলা রয়েছে। সর্বশেষ ঘটনায় নতুন করে আরও ২টি মামলা হওয়ায় তার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৮টি।
মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, বিক্রি ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে বাধা প্রদানকারীদের বিরুদ্ধেও আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।