সেনবাগে ভাড়া বাসা থেকে পরশুরামের যুবকের মরদেহ উদ্ধার, কক্ষে মিলল সেনাবাহিনীর ইউনিফর্ম –
নুরুল আমিন টিপু:
নোয়াখালীর সেনবাগে একটি ভাড়া বাসা থেকে ফেনীর পরশুরাম উপজেলার এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার কক্ষ থেকে সেনাবাহিনীর একটি ইউনিফর্ম ও একটি নেমপ্লেট উদ্ধার করা হয়েছে।নিহত ব্যক্তি ইসমাইল হোসেন পিন্টু (৪০)। তিনি ফেনীর পরশুরাম পৌরসভার উত্তর গুথুমা গ্রামের মৃত আবদুল ওহাবের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে সেনবাগ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনন্নাগুনি গ্রামের সেনবাগ পূর্ব বাজার ব্রিজসংলগ্ন শামসুদ্দিনের মালিকানাধীন একটি দুইতলা ভবনের নিচতলার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।জানা গেছে, প্রায় দেড় মাস আগে পিন্টু ওই কক্ষটি ভাড়া নেন। সে সময় তিনি বাড়ির মালিককে জানান যে তিনি সেনবাগ পল্লী বিদ্যুতে চাকরি করেন এবং পরবর্তীতে পরিবার নিয়ে সেখানে বসবাস করবেন। তবে ভাড়া নেওয়ার পর থেকে তিনি একাই ওই কক্ষে থাকতেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে তিনি একটি হোটেলে খাবার খেয়ে নিজ কক্ষে ফিরে যান। রাতে বাড়ির মালিক কক্ষের দরজা খোলা দেখতে পেয়ে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ কক্ষ তল্লাশি চালিয়ে একটি কালো ব্যাগের ভেতর থেকে সেনাবাহিনীর একটি ইউনিফর্ম এবং “ফরহাদ” নাম লেখা একটি নেমপ্লেট উদ্ধার করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সেনবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।