বই মানুষের জ্ঞান, কল্পনা ও সামাজিক বন্ধনের অন্যতম শক্তিশালী মাধ্যম। সেই বইকে আরও সহজলভ্য করতে সাউথওয়েস্ট সিডনির ম্যাকার্থার হাইটস কমিউনিটিতে ১৩ জুলাই (সোমবার) এ-বি স্ট্রিট লাইব্রেরি-র ২২তম উন্মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়।
এ-বি স্ট্রিট লাইব্রেরি প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করেছে A-B Street Library Team এবং Young Innovators Australia।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটির সদস্য, আয়োজক, নির্বাচিত জন প্রতিনিধি এবং অতিথি হিসেবে অংশ নেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডার্সি লাউন্ড, ক্যাম্পবেলটাউনের সংসদ সদস্য গ্রেগ ওয়ারেন এমপি।
নতুন এই স্ট্রিট লাইব্রেরিটি Young Innovators Hub-এর সামনে স্থাপন করা হয়েছে, যা ম্যাকার্থার হাইটস এলাকার বাসিন্দাদের জন্য বই পড়া ও বই বিনিময়ের সুযোগ আরও সহজ করে তুলবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এ-বি স্ট্রিট লাইব্রেরি ইনকের সহ-প্রতিষ্ঠাতা ও কাউন্সিলর আশিকুর রহমান আশ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উন্মুক্ত পাঠাগার শুধু বই পড়ার অভ্যাস গড়ে তোলে না, বরং প্রতিবেশীদের মধ্যে সামাজিক যোগাযোগ ও সম্প্রীতিও জোরদার করে। স্থানীয়ভাবে সহজে বই পাওয়ার সুযোগ শিশু, কিশোর এবং প্রাপ্তবয়স্ক—সব বয়সী পাঠকের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষভাবে প্রশংসিত হয় আল-ফয়সাল কলেজের দুই শিক্ষার্থীর সৃজনশীল উদ্যোগ। তাদের নকশায় নির্মিত এই স্ট্রিট লাইব্রেরিটি নান্দনিকতা ও ব্যবহারিক দিক থেকে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। আয়োজকরা তাদের এই অসাধারণ অবদানের জন্য অভিনন্দন জানান।
উপস্থিত অতিথিরা এ-বি স্ট্রিট লাইব্রেরি দলের ধারাবাহিক প্রচেষ্টারও ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, কমিউনিটিভিত্তিক এ ধরনের উদ্যোগ বইপ্রেমী মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসে এবং নতুন প্রজন্মকে পাঠাভ্যাসে উৎসাহিত করে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে এ-বি স্ট্রিট লাইব্রেরি ইনকের সভাপতি কামাল পাশা বলেন, এ-বি স্ট্রিট লাইব্রেরি ইতোমধ্যে সাউথওয়েস্ট সিডনির বিভিন্ন এলাকায় একের পর এক উন্মুক্ত পাঠাগার স্থাপন করে কমিউনিটির মধ্যে বই পড়ার সংস্কৃতি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ম্যাকার্থার হাইটসে উদ্বোধন হওয়া এই ২২তম স্ট্রিট লাইব্রেরিও সেই ধারাবাহিক উদ্যোগের আরেকটি উল্লেখযোগ্য সংযোজন।