• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মতলব উত্তরে ‘মধ্য লুধুয়া পাটোয়ারী বাড়ী তরুণ সংঘ’ নামে সামাজিক সংগঠন এর আত্মপ্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন নতুন বাংলাদেশের রূপরেখা ডিএমপির উত্তরা ও ডিবি রমনা বিভাগে নতুন ডিসি সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন ডিসির দরবারে অসহায়ের ভিড়, সমাধান নিয়ে ফিরছেন হাসিমুখে ওবায়দুল কাদেরের ‘পার্টনার আমলা’ সাবেক সচিব আমিন উল্লাহ নুরীকে পুনর্বাসিত করল ইউনাইটেড গ্রুপ রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ: আইনের শাসন ও গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার তাগিদ ‎চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে—পানিসম্পদ মন্ত্রী

অস্ট্রেলিয়া প্রবাসী মোহাম্মদ রাশেদুল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক, গর্বিত বাংলাদেশি কমিউনিটি – মোহাম্মাদ আবদুল মতিন

মোহাম্মাদ আবদুল মতিন সিডনি, অস্ট্রেলিয়া
প্রকাশকাল : রবিবার, ২ আগস্ট, ২০২৬

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি এবং আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত সংগঠক ও কূটনৈতিক সমন্বয়ক মোহাম্মদ রাশেদুল হক বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রায়ত্ত জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের সর্বোচ্চ নির্বাহী পদে একজন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশির নিয়োগকে দেশ-বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গর্বের অর্জন হিসেবে দেখা হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, মোহাম্মদ রাশেদুল হককে গ্রেড-২ মর্যাদায় এক বছরের জন্য বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যোগদানের পূর্বে তাকে অন্য সব পেশাগত ও প্রাতিষ্ঠানিক কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে এবং চুক্তির অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতি, কূটনৈতিক যোগাযোগ এবং বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন বিষয় তুলে ধরার ক্ষেত্রে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত মোহাম্মদ রাশেদুল হক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্ররাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।

আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম, কূটনৈতিক মিশন এবং বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগ রক্ষায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও আন্তর্জাতিক ইস্যুতে জনমত গঠনের ক্ষেত্রেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কূটনৈতিক যোগাযোগ ও সমন্বয়ের দায়িত্ব পালন করে আসছেন।

সংশ্লিষ্ট মহলের মতে, মোহাম্মদ রাশেদুল হকের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বিস্তৃত যোগাযোগের নেটওয়ার্ক বোয়েসেলের কার্যক্রমে নতুন গতি আনতে সহায়ক হতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যনির্ভর প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি অস্ট্রেলিয়া, ইউরোপ এবং অন্যান্য উন্নত দেশে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং বৈদেশিক কর্মসংস্থানের পরিধি সম্প্রসারণে এ নিয়োগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ায় বসবাসের সময় মোহাম্মদ রাশেদুল হক বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও কমিউনিটি কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণ, কমিউনিটির মধ্যে সমন্বয় এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক জোরদারে তার ভূমিকার কথা কমিউনিটির অনেকেই উল্লেখ করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অন্যান্য সরকারি দপ্তরে প্রেরণ করা হয়েছে।

এদিকে, বোয়েসেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকসহ রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বিএনপির ১২ জন চেয়ারম্যান রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান এবং বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দেশ, জাতি ও জনগণের শান্তি, সমৃদ্ধি এবং নবনিযুক্ত কর্মকর্তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও সফলতার সঙ্গে পালনের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এদিকে, মোহাম্মদ রাশেদুল হকের এ নিয়োগে প্রবাসী লেখক ও সাংবাদিকদের বৃহত্তম সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (ABJA)-এর সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় তারা আশা প্রকাশ করেন, রাশেদুল হকের আন্তর্জাতিক অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব এবং প্রবাসজীবনের বাস্তব উপলব্ধি বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ, দক্ষ জনশক্তির জন্য নতুন আন্তর্জাতিক বাজার সৃষ্টি এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category