• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চার হাজার ৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী বিতর্কিত সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের আট কর্মকর্তাকে বরখাস্ত এলজিআরডি মন্ত্রী মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াতে সাংবাদিকতা ও নেতৃত্বে সাফল্য । গাজীপুরের কৃতী সন্তান হাজ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পুনর্নির্বাচিত মোহাম্মাদ আবদুল মতিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ চারু ইন্টেরিয়র এন্ড আর্কিটেক্টস দেশব্যাপী দ্রুতই বিস্তৃতি ও জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সিডনির লাকাম্বায় জমজমাট পিঠা উৎসব: প্রবাসে প্রাণ পেল বাংলার ঐতিহ্য –

আন্দোলন ডেস্ক:
প্রকাশকাল : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

 বাংলার চিরচেনা ঐতিহ্যবাহী পিঠার স্বাদ ও সংস্কৃতিকে প্রবাসের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সিডনির লাকাম্বায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘পিঠা উৎসব ২০২৬’। প্রবাসী বাংলাদেশী উইমেন্স অ্যাসোসিয়েশনের আয়োজনে গত শনিবার (৮ আগস্ট) অনুষ্ঠিত এ উৎসবে দিনব্যাপী ছিল দেশীয় পিঠার সমারোহ, মানুষের প্রাণবন্ত উপস্থিতি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

দশমবারের মতো আয়োজিত এবারের পিঠা উৎসব অনুষ্ঠিত হয় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত। সকাল থেকেই উৎসবস্থলে জমতে শুরু করে মানুষের ভিড়। সিডনির বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে প্রবাসী বাংলাদেশিরা ছুটে আসেন বাংলার ঐতিহ্যবাহী পিঠার স্বাদ নিতে।

উৎসবে স্থানীয় প্রায় ২০ জন নারী উদ্যোক্তা নিজেদের তৈরি বিভিন্ন ধরনের পিঠার স্টল নিয়ে অংশগ্রহণ করেন। ভাপা পিঠা, পুলি, নকশী পিঠা, তেলের পিঠা, চিতই, ছিট রুটি, পাটিসাপটা, পাকন, বিবিখানা, সেমাই পিঠা, মেরা পিঠা, খেজুর পিঠা ও ডিম পিঠাসহ নানা ধরনের দেশীয় খাবারের পসরা সাজানো হয়। বাহারি স্বাদ ও বৈচিত্র্যময় পিঠার সমারোহে উৎসবে আসা পিঠাপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

পিঠা উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নৃত্য পরিবেশন করেন শিশুশিল্পী ফারিন ফরহাদ ও ফারিহা আঞ্জুম। কবিতা আবৃত্তি করেন শাহীন সাদাত ও পলি ফরহাদ।

সঙ্গীত পরিবেশন করেন নিলুফা ইয়াসমিন ও চারু গানের দল। নিলুফা ইয়াসমিন এবং চারু গানের দলের মূল শিল্পী আয়েশা কলি-র পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। পুরো সাংস্কৃতিক পর্বের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নামীদ ফারহান, আর গিটারে সঙ্গত করেন শিপলু।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পবেলটাউন কাউন্সিলের কাউন্সিলর আশিক রহমান ও মাসুদ চৌধুরী এবং সাবেক কাম্বারল্যান্ড কাউন্সিলের কাউন্সিলর সাবরিন ফারুকী।

এছাড়া কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কামাল পাশা, তিশা তানিয়া, পূরবী পারমিতা, AKM হক, অর্ক চৌধুরী, কবির লালন, আবু তারিখসহ আরও অনেকে।

এবারের পিঠা উৎসবের প্রাইম স্পন্সর ছিল নিরালা হোল্ডিংস। প্রতিষ্ঠানের কর্ণধার তাঁর বক্তব্যে নিরালা হোল্ডিংসের নতুন প্রজেক্ট ‘Vertical Village’ সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজনের প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রবাসী বাংলাদেশী উইমেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফেরদৌস সুলতানা ও সেক্রেটারি ফয়জুন নাহার। আয়োজন সফল করতে সংগঠনের সদস্য নাসরিন আক্তার, নাসরিন কাকলী, লুৎফুন্নেছা হাসি, আমিনা খাতুন, নিলুফা করিম, মনোয়ারা মনু, শামীমা আক্তার, তাহমিনা আমিন ও ফাহমিদা খন্দকারসহ অন্যান্য সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আয়োজকরা বলেন, প্রবাসের মাটিতে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও খাবারের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করানোই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। দীর্ঘদিন ধরে পিঠা উৎসব আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরও জোরদার হচ্ছে।

প্রবাসী বাংলাদেশী উইমেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফেরদৌস সুলতানা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন সফল করতে কমিউনিটির সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে এবারের পিঠা উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

দিনভর পিঠার ঘ্রাণ, বাঙালির চিরচেনা স্বাদ, গান-কবিতা-নৃত্য আর প্রবাসীদের প্রাণবন্ত অংশগ্রহণে লাকাম্বার পিঠা উৎসব হয়ে ওঠে যেন এক টুকরো বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category