সিডনি প্রতিনিধি:
অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, এডুকেশন কাউন্সিলর ও দি ইউনিক সিটিজেনের চেয়ারম্যান হাজি মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকারের সঙ্গে চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘ডায়াসপোরা ডায়ালগ’-এর উপস্থাপক অর্ক হাসান ও প্রযোজক কে এম ধ্রুবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সিডনিতে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বাংলাদেশি প্রবাসী কমিউনিটির বিভিন্ন বিষয়, অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং প্রবাসী জীবনের নানা দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি গণমাধ্যমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সাফল্য, সম্ভাবনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার প্রয়োজনীয়তা নিয়েও মতবিনিময় করেন তারা।
চ্যানেল আই ডায়াসপোরা ডায়ালগের উপস্থাপক অর্ক হাসান বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জীবন, অর্জন, অভিজ্ঞতা ও কমিউনিটির বিভিন্ন ইতিবাচক উদ্যোগ মূলধারার দর্শকদের সামনে তুলে ধরতে ‘ডায়াসপোরা ডায়ালগ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের মতবিনিময় প্রবাসী সমাজের বিভিন্ন বাস্তবতা আরও গভীরভাবে তুলে ধরতে সহায়ক হবে।
এসময় হাজি মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার চ্যানেল আই ডায়াসপোরা ডায়ালগের উদ্যোগের প্রশংসা করেন এবং প্রবাসী বাংলাদেশিদের নিয়ে নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি অর্ক হাসান ও কে এম ধ্রুবকে তাদের সাংবাদিকতা ও প্রযোজনার জন্য শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাতের স্মারক হিসেবে চ্যানেল আই ডায়াসপোরা ডায়ালগের পক্ষ থেকে হাজি মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার কে চ্যানেল আইয়ের একটি মগ উপহার দেওয়া হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় শেষে উপস্থিত সবাই পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।