ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নিয়োগে সম্মতি দিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পক্ষ থেকে তার নিয়োগের সম্মতিপত্র (অ্যাগ্রিমেন্ট) পৌঁছেছে।
এর মধ্য দিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামের নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলো।
আসাদ আলম সিয়াম বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ভারতে বর্তমান হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় জাতিসংঘের দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
১৯৯৫ ব্যাচের বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা আসাদ আলম সিয়াম ২০২৫ সালের ২০ জুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি অস্ট্রিয়া ও ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ইতালির মিলানে বাংলাদেশের কনসাল জেনারেল এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টার, ইন্দোনেশিয়ার জাকার্তা ও থাইল্যান্ডের ব্যাংককে বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে কাজ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়েও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আসাদ আলম সিয়াম। তিনি প্রধান প্রটোকল কর্মকর্তা, ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন উইংয়ের মহাপরিচালক, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর এবং মিশনগুলোর ইন্সপেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। এরপর ২০২৬ সালে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশই সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেয়। এ সময় নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে অভিজ্ঞ কূটনীতিক আসাদ আলম সিয়ামের নিয়োগকে দুই দেশের কূটনৈতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।