• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা ৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল শনির আখড়ায় ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ‘বিদেশি অতিথিদের সামনে নাস্তানাবুদ হওয়া আমাকে ব্যথিত করেছে’ গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী সিডনির মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ইন্দোনেশীয় মুসলিম নারী নূরহায়াতি নিহত, বাংলাদেশি মাহবুবুল হক এখনও লাইফ সাপোর্টে অসুস্থ ইলিয়াস কাঞ্চন, কী হয়েছে তাঁর? দেশে ফিরলেন ১৫ মাস পর এমবাপ্পে কি আসছেন ঢাকায়? যা জানালেন প্রতিমন্ত্রী

বন্যা-পাহাড়ধসে ৬ জেলার দুর্গত মানুষের পাশে আনসার-ভিডিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশকাল : শনিবার, ১১ জুলাই, ২০২৬

দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মাঠে কাজ করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও—এই ছয় জেলার দুর্গত এলাকায় উদ্ধার, ত্রাণ বিতরণ, জনসচেতনতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বাহিনীর সদস্যরা।

শনিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বন্যা ও পাহাড়ধস পরিস্থিতিতে বাহিনীর সদর দপ্তরের বিশেষ নির্দেশনায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সদস্যদের সার্বক্ষণিক দায়িত্বে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কক্সবাজারের উখিয়া, সদর, পেকুয়া, চকরিয়া ও মহেশখালী উপজেলায় আনসার-ভিডিপি সদস্যরা ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া, মাইকিং করে সতর্কবার্তা প্রচার, পানিবন্দী মানুষ ও গৃহপালিত পশু উদ্ধার এবং জরুরি মানবিক সহায়তা দেওয়ার কাজ করছেন। পাশাপাশি সড়কের ওপর পড়ে থাকা গাছ ও পাহাড়ধসে সৃষ্ট মাটি সরিয়ে যোগাযোগ স্বাভাবিক রাখতেও সহায়তা করছেন তারা।

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও লামা উপজেলায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত চলাচল উপযোগী করতে হিল ভিডিপি সদস্যরা মাটি ও উপড়ে পড়া গাছ অপসারণ করছেন। এতে দুর্গম এলাকার সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপন এবং জরুরি চিকিৎসাসেবা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা সহজ হচ্ছে।

রাঙামাটি সদর উপজেলার নতুনপাড়া, রূপনগর ও শিমুলতলীসহ পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বিভিন্ন এলাকায় আনসার-ভিডিপি সদস্যরা মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করছেন। আশ্রয়কেন্দ্রে অবস্থানকারীদেরও প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় পানিবন্দী মানুষ, বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়ার পাশাপাশি সুপেয় পানি ও অন্যান্য মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। গৃহপালিত পশু উদ্ধারের কাজও চালিয়ে যাচ্ছেন বাহিনীর সদস্যরা।

 

এ ছাড়া ঠাকুরগাঁও ও খাগড়াছড়ির বিভিন্ন দুর্গত এলাকাতেও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, জনসচেতনতা বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে আনসার-ভিডিপি।

 

বাহিনীটি জানিয়েছে, দুর্যোগের এই সময়ে সদস্যরা নিজেদের জীবন ঝুঁকিতে রেখেও জনগণের সেবায় নিয়োজিত রয়েছেন। জানমাল রক্ষায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category